মুক্তিযোদ্ধা পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, নারীসহ আহত ৫

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৪:০০

বরিশালের উজিরপুরে একটি মুক্তিযোদ্ধা পরিবারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় বীর মুক্তিযোদ্ধা মো. নুর মোহাম্মদ মৃধা বাদী হয়ে অভিযোগ করেছেন।

সূত্র জানায়, উপজেলার শোলক ইউনিয়নের উত্তর ধামুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. নুর মোহাম্মদ মৃধার সঙ্গে ওই বাড়ির বজলু মৃধা গংদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদের ভবন নির্মাণের জন্য রাখা বালু জোরপূর্বক বজলু মৃধা গংরা অন্যত্র নেওয়া শুরু করে। এতে বাধা দিলে উভয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বজলু মৃধা ও তার স্ত্রী রেহেনা বেগম, মেয়ে কেয়া আক্তার, রিপা আক্তার মিলে মুক্তিযোদ্ধা পরিবারটির ওপর হামলা চালায়। এতে বীর মুক্তিযোদ্ধা মো. নুর মোহাম্মদ মৃধা ও তার স্ত্রী মিনু বেগম (৬০), পুত্রবধূ পপি বেগম, ছেলে জুয়েল মৃধা ও সোহেল মৃধা আহত হন। তাদের মধ্যে মিনু বেগমের অবস্থা আশঙ্কাজনক। আহত মিনু বেগমকে উজিরপুর হাসপাতালে নেওয়া হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নেয়। হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা মো. নুর মোহাম্মদ মৃধা বাদী হয়ে শনিবার উজিরপুর মডেল থানায় অভিযোগ করেন। অভিযুক্তরা পলাতক থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর আহম্মেদ বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এসব হামলাকারীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ইত্তেফাক/এইচএ