লিটন চৌধুরীকে সপ্তমবারের মতো সমর্থন, শিবচরবাসীর প্রতি চিফ হুইপের কৃতজ্ঞতা

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ২২:১১

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগের বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে একক প্রার্থী হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ ৬ বারের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী এমপিকে সমর্থন দিয়েছে দলীয় নেতা কর্মীরা। 

শনিবার (১৮ নভেম্বর) রাতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সমর্থন দেওয়া হয়। সভার শুরুতে এ সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। ২ স্তরের সেন্টার কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। 

ছবি: প্রণব কুমার সাহা

এ সময় নির্বাচন আচরণবিধি মেনে চলতে কঠোর নির্দেশনা দেন চিফ হুইপ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি মো. সাহাবুদ্দিন মোল্লা, সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে, শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. তোফাজ্জেল হোসেন খানসহ অনেকে। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম।

ছবি: প্রণব কুমার সাহা

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, আমার পিতাও সংসদ সদস্য ছিলেন। এখানকার সংগঠন তার হাতেই তৈরি। তিনি শিবচরকে অনেক ভালোবাসতেন। এখনো অনেকেই আছেন যারা তার সঙ্গে রাজনীতি করেছেন। আওয়ামী লীগে এখনো তারাই নেতৃত্ব দিচ্ছেন। সেই সময় মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এখনো তারাই নেতৃত্ব দিচ্ছেন। এই কারণে তারা আমার উপরে আস্থা রেখেছেন। যে সকল নেতারা মৃত্যুবরণ করেছেন তারাও একই কাজ করেছিলেন। শিবচরে এখনো আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তির দ্বারা পরিচালিত হয়। আমার পিতার কারণেই তারা আমাকে ৭ বার সমর্থন দিয়েছেন। ২০০৬ সালেও সমর্থন দিয়েছিল তখন নির্বাচন হয়নি। এ জন্য আমরা পারিবারিকভাবে শিবচর উপজেলা আওয়ামী লীগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

ইত্তেফাক/পিও