‘তাদের অবশ্যই জিততে শিখতে হবে’

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৮:৩৭

এখন পর্যন্ত ৯ আসরে বিশ্বকাপে অংশ নিয়ে সেমিফাইনালে খেলেছে পাঁচ বার, কিন্তু একটি বারও ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এবারের আসরে তো দুর্দান্ত ফর্মে থেকেও পারেনি। দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে আবারও শিরোপা উঁচিয়ে ধরার স্বপ্নভঙ্গ হয় প্রোটিয়াদের।

সেই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। শুরুতে ব্যাট করতে নেমে চার বল খেলে রানের খাতা খোলার আগেই আউট হয়ে ফিরেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। সেই সঙ্গে ঐ ম্যাচে ব্যর্থ ছিলেন প্রোটিয়া সব ব্যাটারাই। কুইন্টন ডি কক ১৪ বল খেলে ৩ রান করেন ফিরেন তিনি। বিশ্বকাপের চলতি আসরে ৪টি সেঞ্চুরি করেন তিনি। তবে সেমিফাইনালে ব্যর্থতার মিছিলে যোগ দেন তিনি।

অন্যদিকে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ভরসার আরেক নাম ছিল রাসি ভ্যান ডের ডুসেন সেমিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩১ বল খেলে মাত্র ৬ রান করেন তিনি। এতে করে মাত্র ২৪ রানে ৪ উইকেট হারান প্রোটিয়ারা। সেমিফাইনালে সেই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২১২ রান করেন প্রোটিয়ারা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

তবে বিশ্বকাপের প্রথম পর্বে দুর্দান্ত ছিল দক্ষিণ আফ্রিকা। শুধু ভারত ছাড়া প্রায় সব প্রতিপক্ষকে ছুড়ে দিয়েছে বড় লক্ষ্য। তবে সেমিফাইনালে দলটির এমন হার মেনে নিতে পারছেন না সমর্থকরা। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক টেম্বা বাভুমার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয় নিয়ে ক্ষোভ জানান দেশটির সর্মথকরা।

এক্সে (সাবেক টুইটার) এক প্রোটিয়া ভক্ত লেখেন, ‘বিশ্বাস করতে পারছি না দক্ষিণ আফ্রিকা দেশে ফিরে এসেছে এবং আমি এখন অবধি মানতে পারছি না...আমরা কি দয়া করে এখন টেম্বা বাভুমাকে সহজে যেতে দিতে পারি...আমরা ফাইনালে পৌঁছতে ব্যর্থ হয়েছি এবং পুরো কোচিং দলের কর্মীদের দায়িত্ব নিতে হবে দুর্বল সিদ্ধান্তের জন্য তাকে ফিল্ডিং করার মতো যখন সে অযোগ্য ছিল।’

এদিকে বিশ্বকাপে থেকে বিদায়ের পর নিজ দেশে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা পান দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই ভিডিওতে এক প্রোটিয়া ভক্ত মন্তব্য করেন, ‘এমন হারের পর কেন তাদের উদ্যাপন করা উচিত? খেলার জন্য তারা বেতন পায়। ভক্তরা তাদের ভালোবাসে। তাই যেহেতু তারা কোনো ট্রফি নিয়ে আসতে পারেনি তাহলে ভক্তদের উদ্যাপন করার জন্য কী আছে? তাদের জিততে শিখতে হবে।’

শুধু এই বিশ্বকাপ নয়। পুরো বিশ্বকাপে দুর্দান্ত খেলে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার হোঁচট খাওয়া বেশ পুরোনো। এর আগে ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা।

ইত্তেফাক/এএম