সুনামগঞ্জে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে প্রদ্যুৎ কুমারের মহড়া

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ২১:৪৬

বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে দিরাই-শাল্লা-২ আসনে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য প্রদ্যুৎ কুমার তালুকদার মোটরসাইকেলের মহড়া ও শান্তি-উন্নয়ন সভা করেছেন। 

রোববার (১৯ নভেম্বর) দিরাই উপজেলার কর্ণগাঁও এলাকা থেকে বিশাল মোটরসাইকেল মহড়া শুরু করেন তিনি। পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে মোটরসাইকেল মহড়া এসে থামে থানা পয়েন্টে। এ সময় প্রদ্যুৎ কুমার দিরাই থানা পয়েন্টের বাগানবাড়ি সেন্টারে শান্তি ও উন্নয়ন সভায় শত শত মানুষের সমাবেশস্থলে তফসিল ঘোষণাকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রদ্যুৎ কুমার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে স্বাগত জানাই। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিপুল ভোটে বিজয়ী করে পুনরায় সরকার গঠনের মাধ্যমে দিরাই-শাল্লাকে একটি সমৃদ্ধশালী উপজেলা হিসেবে গড়তে আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি।

মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমিও মনোনয়নপ্রত্যাশী। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই জনপদের মানুষের ভাগ্য উন্নয়নে যাকেই মনোনয়ন দেবেন, দলের হয়ে তার জন্য কাজ করবো। আপনারা জাতির জনক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমরা চাই তিনি সারাজীবন আমাদের প্রধানমন্ত্রী হিসেবে পাশে থেকে ভাগ্য উন্নয়নে আরও এগিয়ে নিয়ে যাক।

তিনি আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড প্রোজেক্টরের মাধ্যমে সকলের কাছে তুলে ধরেন। কেন আওয়ামী লীগ সরকারকে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করবেন, সে দিকগুলো নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ মানুষ প্রত্যাখ্যান করেছে। অবরোধের নামে তাদের নৈরাজ্য ঠেকাতে আমরা মাঠে রয়েছি। শেখ হাসিনার রাজপথ আমরা নিরাপদ রাখবো।

এ সময় সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের সাবেক অধ্যাপক মিহির রঞ্জন দাসের সভাপতিত্বে ও দিরাই কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিটু তালুকদার দিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন রফিনগর ইউনিয়ন যুবলীগ নেতা প্রদীপ দাস, দিরাই উপজেলা ছাত্রলীগ নেতা জয়ন্ত সামন্ত, সিলেট বিভাগের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য পীযুষ কান্তি তালুকদার, সিলেট মহানগর ৮ নং ওয়ার্ডের সহ সভাপতি রতি রঞ্জন দাস, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি নীলপদ্ম রায় প্রান্ত, দিরাই উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মকসুদ আলম, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অমর চক্রবর্তীসহ অনেকে।

ইত্তেফাক/পিও