আওয়ামী লীগের মনোনয়ন জমা দিলেন ঝন্টু কুমার সাহা

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৯:৪০

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহের পর জমা দিয়েছেন বাবু ঝন্টু কুমার সাহা। 

মঙ্গলবার (২১ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মনোনয়নপত্র জমা দেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। এর আগে, গত শনিবার দলের মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। 

নৌকার মনোনয়নপত্র জমা দেওয়ার পর গণমাধ্যমকে ঝন্টু কুমার সাহা বলেন, ছাত্রজীবন থেকেই আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। দলের দুঃসময়ে মাঠের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলাম। এবার দলের মনোনয়ন চেয়ে আবেদনপত্র সংগ্রহ করে জমা দিয়েছি। আশা করছি, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেবেন। আমি দলীয় মনোনয়ন পেলে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে নৌকার বিজয় সুনিশ্চিত। 

ঝন্টু কুমার সাহা বর্তমানে বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে দায়িত্বে রয়েছেন। ছাত্রজীবনে তিনি উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন।

ইত্তেফাক/পিও