ফিফা বিশ্বকাপ ২০২৬ সালের আসরের দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছে ব্রাজিল। ম্যাচ শুরুর আগে গ্যালারিতে দুই দলের সমর্থকদের হাতাহাতি হয়। আর তাই নির্দিষ্ট সময়ে মাঠে গড়ায়নি ম্যাচটি। গ্যালারিতে আর্জেন্টিনার সমর্থকদের ওপর লাঠিচার্জও করে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে দল নিয়ে মাঠ ত্যাগ করেন মেসি। অবশ্য ৩০ মিনিট পরই খেলা শুরু হয়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন লিওনেল মেসি।
ম্যাচ শেষে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে মেসি বলেন, ‘আমরা দেখেছি পুলিশ কিভাবে মানুষের ওপর চড়াও হচ্ছিল। আমাদের পরিবারের বেশ কয়েকজন সদস্যও ওখানে ছিল। কোপা লিবার্তাদোরেসের ফাইনালেও একই কাজ করেছে তারা (ব্রাজিলের পুলিশ)। মাঠে খেলার চেয়ে সেসবেই তাদের মনোযোগ বেশি থাকে।’
গ্যালারির পরিস্থিতি শান্ত করতেই আবার মাঠে ফিরেছিলেন জানিয়ে মেসি আরও বলেন, ‘আমরা একটা পরিবার। পরিস্থিতি শান্ত করতেই আমরা ফের মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছিলাম।’
