রিয়াদ সিজন কাপ খেলতে আগামী বছর সৌদি আরব যাচ্ছে ইন্টার মায়ামি, এমন খবর ছড়িয়েছিল ইউরোপের বিভিন্ন গণমাধ্যমগুলোতে। তবে খবরটিকে উড়িয়ে দিয়েছে আমেরিকান ক্লাবটি। মায়ামির যোগাযোগ বিভাগের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, প্রাক-মৌসুম সফরে এমন কোনো পরিকল্পনা নেই বলে বিবৃতি দিয়েছে মায়ামি।
বিবৃতিতে মায়ামি জানিয়েছে, ‘আজ (গতকাল) একটি ঘোষণায় বলা হয়েছে ইন্টার মায়ামি সিজন কাপে খেলবে, এটি সঠিক নয়। বিবৃতিতে দলের মালিক জর্জ মাসের কথাও বলা হয়েছে। মাস এ বিষয়ে ব্যক্তিগত কিংবা জনসন্মুখে প্রাক-মৌসুম সফর সম্পর্কিত কোনো মন্তব্য করেননি।’
বিবৃতিতে আরও জানিয়েছে, ‘প্রথম দিন থেকেই ইন্টার মায়ামি এক বৈশ্বিক ব্র্যান্ড হতে চেয়েছে। ২০২৪ প্রাক-মৌসুমের সূচি কেমন হবে, সেটা নিয়ে এখনো আমরা আলোচনা করছি। আমরা প্রথম আন্তর্জাতিক সফরের জন্য মুখিয়ে আছি। যা আগামী সপ্তাহে ঘোষণা করা হবে।’
