১২ দলীয় জোট থেকে বহিষ্কার সৈয়দ মুহাম্মদ ইবরাহিম 

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১৯:১৯

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে ১২ দলীয় জোট থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২২ নভেম্বর) দুপুরে ১২ দলীয় জোটের শীর্ষ পর্যায়ের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।

সভায় সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের স্থলে বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমকে ১২ দলীয় জোটের নতুন মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে জোটের প্রধান সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দি থাকায় জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি রাশেদ প্রধানকে ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক করা হয়। 

১২–দলীয় জোটের ভারপ্রাপ্ত সমন্বয়ক রাশেদ প্রধানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি এই সভায় সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের পাশাপাশি মুসলিম লীগের চেয়ারম্যান জুলফিকার বুলবুল চৌধুরীকেও জোট থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় নেতারা অভিযোগ করেন, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বহুমাত্রিক রূপ ধারণ করে আন্দোলনের নামে সরকারি সুবিধা গ্রহণ করেছেন। সরকারের অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়ে তিনি দেশ, দেশের মানুষ এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে বেইমানি করেছেন। দেশের এই দুঃসময়ে জনগণের সঙ্গে তাঁর বেইমানি একজন মীর জাফর ও বিশ্বাসঘাতকের কাজ হিসেবে ভবিষ্যতে বিবেচিত হবে। 

এর আগে আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে নতুন জোট ‘যুক্তফ্রন্ট’ আত্মপ্রকাশ করে। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে নতুন এই জোটে নিবন্ধিত আরও দুটি দল রয়েছে। দল দুটি হলো, বাংলাদেশ মুসলীম লীগ—বিএমএল (হাতপাঞ্জা) ও বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল প্রতীক)। সংবাদ সম্মেলনে জানানো হয়, জোটের দলগুলো যার যার প্রতীক নিয়ে নির্বাচন করবে।

ইত্তেফাক/ডিডি/এবি