স্ত্রী হত্যার দায় থেকে বাঁচতেই পিবিআই প্রধানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ২১:০৪

স্ত্রী হত্যার দায় থেকে বাঁচতেই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বাবুল আক্তার মামলা করেছেন বলে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। 

আদালত বলেছে, নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করার ক্ষেত্রে ভিকটিমের শারীরিক ও মানসিক নির্যাতনের চিহ্ন থাকতে হয়। শুধু মৌখিকভাবে এই নির্যাতনের দাবি করলেই হবে না। এর সপক্ষে থাকতে হবে মেডিকেল সার্টিফিকেটও। 

এ ছাড়া আলোচ্য মামলাটি করা হয়েছে দাবিকৃত ঘটনার দেড় বছর পর। এভাবে যদি মামলা করা হয় তাহলে পুলিশের মনোবল ভেঙে যাবে। শুধু মনোবলই ভেঙে যাবে না, নিরুৎসাহিত হবে গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করার ক্ষেত্রেও। বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি মো. আমিনুল ইসলামের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই পর্যবেক্ষণ দেন। এই পর্যবেক্ষণ দিয়ে বনজ কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে করা নালিশি মামলা গ্রহণের প্রশ্নে জারিকৃত রুল খারিজ করে দিয়েছে আদালত।

হাইকোর্টের এই আদেশের ফলে বাবুল আক্তারের মামলা গ্রহণ না করা সংক্রান্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের আদেশই বহাল থাকল বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত কুমার চ্যাটার্জি। তিনি বলেন, হাইকোর্ট পর্যবেক্ষণ দিয়ে বলেছে, স্ত্রীর হত্যার দায় থেকে নিজেকে বাঁচাতেই বাবুল আক্তার এ মামলা করেন।

ইত্তেফাক/পিও