বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ভারতকে হারিয়ে ষষ্ঠ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। শিরোপা জয়ের পর উদযাপনে মাতে ক্রিকেটার। ট্রফি ভিন্নধর্মী উদযাপন করতে দেখা গেছে অজি অলরাউন্ডার মিচেল মার্শকে। যা দেখে কষ্ট পেয়েছেন বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি ভারতীয় পেসার মোহাম্মদ শামি।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায় বিশ্বকাপ ট্রফির ওপর পা রেখে বসে আছেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ। অনেকের মতে এভাবে ছবি তুলে বিশ্বকাপের ট্রফি আর খেলাটিকে অসম্মান করেছেন মার্শ!
বিষয়টি নিয়ে কথা বলেছেন শামি। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভারতীয় গণমাধ্যমকে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি বলেন, 'আমারও জিনিসটা দেখে কষ্ট লেগেছে। যে ট্রফির জন্য সব দেশ লড়াই করে, সবাই এটা অর্জন করতে চায়, যে ট্রফি আপনি হাতে তুলতে চান, মাথায় তুলে রাখতে চান, সেই ট্রফিতে পা রাখা দেখে আমারও ভালো লাগেনি। এমন করা উচিত হয়নি।'
