পেশাদার গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্সে ভুল হওয়া জন্মতারিখ সংশোধন ও স্মার্টকার্ড প্রাপ্তিতে শিথিলতা প্রদানের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছেন পেশাদার গাড়ি চালকরা। শনিবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় শহরের শহীদ হাসান চত্বরে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও মাগুরা জেলার শতাধিক ভুক্তভোগী গাড়িচালক এ মানববন্ধন কর্মস‚চিতে অংশগ্রহণ করে।
মানববন্ধনে শ্রমিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন এম জেনারুল ইসলাম, রিপন মন্ডল, মামুন অর রশিদ মামুন, সিরাজুল ইসলাম, মিল্টু জোয়র্দ্দারসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, কয়েক বছর ধরে স্থানীয় বিআরটিএ কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্স নবায়নের আবেদন ফাইল পড়ে আছে। এসব আবেদনপত্রের কোন সুরাহা হচ্ছে না। ইতিমধ্যে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ সংশোধনের দাবী তুলে গত তিনমাসে আরো দু’বার মানববন্ধন করা হয়। একজন পেশাদার চালক ৪/৫ বার নবায়ন করে স্মার্ট কার্ড পাওয়ার পরও বর্তমানে জন্ম তারিখ ভুলের কারণে ড্রাইভিং লাইসেন্স এর নবায়ন করতে পারছেন না। ৪৭৭ নং স্মারকে ২০০১ সালে জন্ম তারিখ সংশোধনের জন্য একটি প্রজ্ঞাপন হয়েছিল। ওই প্রজ্ঞাপনের পর জানামতে ২০১৬ সালে জন্ম তারিখ সংশোধনের জন্য আরো একটি প্রজ্ঞাপন জারি হয়।
এ অবস্থায় আবেদনকারী চালকদের লাইসেন্স বাতিল হলে দেশে অবৈধ চালকের সংখ্যা আরও বেড়ে যাবে। তাদের মতে, পাসপোর্ট অফিসে এফিডেভিট করে জন্ম তারিখ সহজেই সংশোধন সুযোগ রয়েছে। কিন্তু যাদের বৈধ রেকর্ড ও ভলিউম আছে তাদের জন্য একটি প্রজ্ঞাপন জারি করে জন্ম তারিখ দ্রুত সংশোধনের ব্যবস্থা গ্রহণ করলে ৪০/৫০ হাজার চালক লাইসেন্সপ্রাপ্ত হবে এবং তাদের পরিবার বেঁচে যাবে।
এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর কাছে আবেদন, পেশাগত দিক বিবেচনা এবং চালকদের পরিবার-পরিজনের মুখের দিকে তাকিয়ে মানবতা ও সহানুভূতির সঙ্গে বিষয়টি বিবেচনা করা উচিত।
