মদকে মেডিসিন বলে অখ্যায়িত করায় এবং মদের ব্যবসাকে হালাল বলায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের সদ্য পদত্যাগী চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিওর বিরুদ্ধে মানববন্ধন করেছেন মুসল্লিরা।
শুক্রবার (২৪ নভেম্বর) জুম্মার নামাজের পর ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে আলেম উলামাসহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ওলামা সমন্বয় পরিষদের সভাপতি মাওলানা কারী মো. আনিসুর রহমান, ঘাটিয়ারা আলীম মাদ্রাসার অধ্যক্ষ কাজী আবুল কালাম, ওলামা সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গত সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের সদ্যপদত্যাগী চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও ফেসবুক লাইভে এসে তার নিজের মদের ব্যবসার পক্ষে কথা বলেন। তিনি মদকে হালাল ও মেডিসিন হিসেবে অখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেন। তার এমন বক্তব্যকে কোরআন অবমাননাসহ ধর্মীয় অনুভূতিতে আঘাতের সামিল বলে অখ্যায়িত করে আলেম সমাজ।
ক্ষুব্ধ মুসল্লিরা বলেন, আমরা শুনেছি তিনি নাকি ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসন থেকে আওয়ামী লীগের এমপি হওয়ার জন্যে মনোনয়নপত্র কিনেছেন। আমরা মনে করি তার মতো ব্যক্তি যদি মনোনয়ন পেয়ে এমপি হন, তাহলে পাড়ায়-পাড়ায় মদের দোকান গড়ে উঠবে। মাদকসেবীর সংখ্যা বৃদ্ধি পাবে। আমরা এ ধরনের লোককে সামাজিক এবং ধর্মীয়ভাবে বয়কটের ঘোষণা করছি। এসময় তারা কোরআন অবমাননার দায়ে তাকে গ্রেফতারের দাবি জানান।
পরে লায়ন ফিরোজুর রহমান ওলিওকে গ্রেফতারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে শেষ হয়।
