তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে ‘হত্যা’

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০২:০০

রাজধানীর কদমতলীর রায়েরবাগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ করেছে তার পরিবার। নিহতের নাম আব্দুর রহিম খান (৭০)। 

গতকাল শনিবার এ ঘটনা ঘটে। হাসপাতালে মৃত রহিমের ছেলে রাকিবুল ইসলাম জানান, মেরাজনগর সি-ব্লকে তাদের নিজেদের বাড়ি রয়েছে। বাড়ির সামনে ফাঁকা মাঠে এলাকার কিছু যুবক আড্ডা মারে এবং মাদকদ্রব্য সেবন করে। গতকাল শনিবার কিছু ছেলে সেখানে আড্ডা দিচ্ছিল এবং হট্টগোল করছিল। তখন তিনি তাদের সেখানে হট্টগোল করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা তাকে মারতে থাকেন।

ঘটনাটি দেখে তার বাবা এগিয়ে গেলে আব্দুল্লাহ, ইলিয়াছ ও সিয়াম নামের তিন জন দুই জনকেই মারধর করে। এক পর্যায়ে তারা তার বাবার বুকে কিলঘুসি মারে এবং ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন। তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মারধরের কারণে ঐ বৃদ্ধ মারা যান বলে অভিযোগ করছে তার পরিবার। ঘটনাটি থানা পুলিশ তদন্ত করছে।

ইত্তেফাক/এমএএম