অচেনা ব্যক্তির জীবন বাঁচালেন শামি, পাচ্ছেন বাহবা

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৩:০৮

সদ্য সমাপ্ত বিশ্বকাপে বল হাতে ভারতের একের পর এক জয়ে অবদান রেখেছিলেন পেসার মোহাম্মদ শামি। টুর্নামেন্টে সর্বোচ্চ ২৪ উইকেট ‘নায়ক’ হয়ে উঠেছিলেন এই পেসার। এবার মাঠের বাইরেও 'নায়ক' বনে গেলেন শামি। দুর্ঘটনা কবলিত অচেনা এক ব্যক্তিকে বাঁচিয়ে সবার মন জিতে নিয়েছেন এই ভারতীয় পেসার।

বিশ্বকাপ শেষে বিশ্রামে রয়েছেন ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা। ছুটি উপভোগ করছেন। পাহাড়ে বেড়াতে গিয়ে এমন পরিস্থিতির সম্মুখীন হন শামি। শনিবার (২৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সেই ঘটনার ভিডিও পোস্ট করেছেন শামি। ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর গাড়িটি পাহাড়ি ঝোপে পড়ে আছে। সেটি পুরোপুরি নিচে না পড়ে একটি গাছের সঙ্গে আটকে ছিলো। দেরি না করে গাড়িতে থাকা ব্যক্তিকে শামিসহ আরও কয়েকজন বের করে আনেন। আহত ব্যক্তিকে শামি নিজেই ব্যান্ডেজ লাগিয়ে দেন। তার এই পোস্টে একের পর কমেন্ট। প্রত্যেকেই মানবতার জন্য বাহবা দিচ্ছেন শামিকে। 

পোস্টে শামি লিখেছেন, ‘কাউকে বাঁচাতে পেরে আমি খুব খুশি। আল্লাহ তাকে দ্বিতীয় জীবন দিয়েছেন। নৈনিতালের পাহাড়ি রাস্তায় আমার গাড়ির ঠিক সামনেই তার গাড়ি পাহাড় থেকে নিচে পড়ে যায়। আমরা তাকে নিরাপদে বের করে এনেছি।’ শামির এমন মানবিকতায় পোস্টের কমেন্টে একজন লিখেছেন, ‘মাঠ এবং মাঠের বাইরে দুই জায়গাতেই নায়ক।’ 

ইত্তেফাক/জেডএইচ