জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল বলেছেন, গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় থাকতে হবে। এক্ষেত্রে দেশের যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
রোববার (২৬ নভেম্বর) রাজধানীর কাকরাইলস্থ জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আগামী নির্বাচনে দেশের যুব সমাজের করণীয় শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় যুব সংহতি।
কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন, ঢাকার সভাপতি এনামুল ইসলাম রুবেল বলেন, যুব ও তরুণ সমাজ গণতান্ত্রিক প্রক্রিয়া, ভোটের পরিবেশ এবং ভোটাধিকার, সুশাসন ইত্যাদি প্রসঙ্গে সচেতন হতে হবে। যেহেতু তরুণ-তরুণী ও যুব সমাজের হাতের মুঠোয় রয়েছে ডিজিটাল মাধ্যম তাই ভুল তথ্য, ঘৃণামূলক বক্তব্য এবং ডিজিটাল বিদ্বেষের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কাজটাও মূলত তরুণদেরই হওয়া উচিৎ।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গঠন করতে হলে মাতৃশিক্ষা থেকে শুরু করে জ্ঞান-বিজ্ঞানের সকল শাখা-প্রশাখায় শিক্ষার্থীদেরকে মনোনিবেশ করতে হবে।
বৈঠকে আরও বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মাহফুজ আলম, সহসভাপতি হাসনাইন তালুকদার দিবস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নাজমুল হুদা, প্রচার সম্পাদক মো. আল আমিন প্রমুখ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনে প্রতিদ্বাদ্বিতা করতে চান অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল।
