দেশে গত ১২ দিনে একশ প্রাণ কেড়েছে ডেঙ্গু। গত একদিনে মৃত্যু হয়েছে আরও ৮ জনের। এতে চলতি বছর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬০৬ জনে। গত ১৫ নভেম্বর এ সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছিল। এর আগে এক বছরে ডেঙ্গুতে এত মৃত্যু দেখেনি দেশ।
এর আগে ২৫ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ২০০, ৫ অগাস্ট পর্যন্ত ৩০০, ১৪ অগাস্ট পর্যন্ত ৪০০, ২৩ অগাস্ট পর্যন্ত ৫০০ এবং ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ৯০০ ছাড়ায়। পরের ছয়দিনে আরও একশ জনের মৃত্যুর মধ্য দিয়ে সংখ্যাটি হাজার ছাড়ায়। পরবর্তীতে গত ১৫ নভেম্বর মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়ায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯২০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯ হাজার ৮৭ জনে। গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৩ হাজার ৪৯৩ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ১০১১ জন ঢাকায় এবং ২ হাজার ৪৮২ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
মাসের হিসাবে, ডেঙ্গুতে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন। ২৭ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩৭ হাজার ৯১২ জন ডেঙ্গু রোগী।
