কানে হেডফোন ট্রেনের ধাক্কায় যুবক নিহত

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৩:৩০

রাজধানীর খিলক্ষেত রেলগেট এলাকায় মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নুর-ই-আলম তৈমুর নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় তার কানে হেডফোন লাগানো ছিল বলে জানিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কমলাপুর রেল স্টেশনগামী মহানগর এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

জানা গেছে, নিহত তৈমুর গুলশানে একটি এনজিওতে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে খিলক্ষেত বেপারীপাড়ায় থাকতেন। বিমানবন্দর রেল স্টেশন পুলিশ ফাঁড়ির এসআই সুনীল চন্দ্র সূত্রধর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আলম প্রতিদিনের মতো বাসা থেকে অফিসে যাচ্ছিলেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সময় আলমের কানে হেডফোন ছিল। ট্রেন আসতে দেখে অনেকে তাকে ডাকাডাকি করলেও তিনি শুনতে পাননি। পরে চলন্ত ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ইত্তেফাক/এমএএম