নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন

কক্সবাজারে স্বতন্ত্র ও নৌকার দুই প্রার্থীকে তলব

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৩

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ এবং বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী জাফর আলমকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। দুই প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই ব্যাখ্যা চাওয়া হয়।

জানা যায়, গত ২৯ নভেম্বর নৌকা প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় জনসমাবেশ করেন। একইভাবে বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী জাফর আলম ২৭ নভেম্বর নেতা-কর্মীদের নিয়ে সিস্টেম চকরিয়া কমপ্লেক্সের সামনে জনসমাবেশ করেন।

আদেশে আগামী ৩ ডিসেম্বর সকাল ১১টার মধ্যে দুই প্রার্থীকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 

ইত্তেফাক/এবি