পিরোজপুরের কাউখালীতে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব শেষ হয়েছে। আজ শনিবার (২ ডিসেম্বর) গুরুপূজা শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ উৎসব শেষ হয়। শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে লাখ লাখ পুণ্যার্থীদের আগমনে জমজমাট হয়ে উঠেছিল ৫ দিনের এ উৎসব।
সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ দূর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩২তম আবির্ভাব তিথি রাসপূর্ণিমায় প্রতিবছর এ উৎসবের আয়োজন করা হয়। এ উপলক্ষে প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও শ্রীলংকাসহ দেশ-বিদেশের লক্ষাধিক পূণ্যার্থীর সমাগমে আশ্রম প্রাঙ্গণ পরিণত হয় মিলনমেলায়। উৎসব উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে বিশাল এলাকাজুড়ে বসেছিল রাস মেলা।
কেন্দ্রীয় আশ্রমের কোষাধক্ষ্য বিপুল বরণ ঘোষ জানান, বিশ্বচরাচরের দুঃখ বিমোচন, অধর্মের গ্লানি থেকে রক্ষা ও ধর্ম সংস্থাপণার্থে বিশ্ব শান্তি কামনায় ৫ দিনের এ উৎসবে ২৪ প্রহর ধরে তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন হয়।
