নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী সাহরিয়া খাঁন বিপ্লবকে তলব করেছেন নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনি অনুসন্ধান কমিটি। তাকে আগামীকাল সোমবার বিকেল ৪টায় সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার (৩ ডিসেম্বর) সকালে জেলা অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সহকারী জজ দেলোয়ার হোসেন এ আদেশ দেন।
আদেশে বলা হয়, আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে গত ১ ডিসেম্বর রাতে সাদুল্লাপুরের ধাপেরহাটে প্রায় ৪০০ জন লোকের সমাগম করে সভা করে নির্বাচনি প্রচার চালিয়েছেন সাহারিয়া খান বিপ্লব। আইন অনুযায়ী নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচার চালানোয় আচরণবিধির লঙ্ঘন হয়েছে।
এদিকে নোটিশ পাওয়ার কথা স্বীকার করে সাহারিয়া খান বিপ্লব বলেন, ওইদিন ধাপেরহাট বণিক সমিতির বার্ষিক সভা ছিল। সেখানে এক থেকে দেড়শ স্থানীয় ব্যবসায়ী ছিলেন। ওই সভায় যোগ দিয়েছিলাম। আমি সাদল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলাম বলে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এখানে নির্বাচনি প্রচার চালানো হয়নি।
