নারায়ণগঞ্জ ২ আসনে (আড়াইহাজারে) ৬ জন প্রার্থীর মধ্যে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ ৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা ও ২ জনের বাতিল করেছে নির্বাচন কমিশন।
সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে বৈধ ও বাতিল প্রার্থীদের বাছাই অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক প্রার্থীদের বাছাই শেষে বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন।
বৈধ প্রার্থীরা হলেন- নজরুল ইসলাম বাবু- (আওয়ামী লীগ), মো. আবু হানিফ হৃদয়- (তৃণমূল বিএনপি), শাহজাহান- (জাকের পার্টি), আলমগীর সিকদার লোটন (জাতীয় পার্টি)।
এসময় ক্রেডিট কার্ডের বকেয়া থাকায় ব্যাংক প্রতিনিধির অভিযোগের কারণে মো. শরিফুল ইসলামের (স্বতন্ত্র) মনোনয়ন বাতিল ও নির্বাচন কমিশনের মনোনয়ন ফরমের ২০ ও ২১ নং বিষয়টি পূরণ না করায় এবং স্বাক্ষর না করায় মামুন দিদারের (স্বতন্ত্র) মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়।
