কক্সবাজার-৪

বদিকে বাবা দাবি করা স্বতন্ত্র প্রার্থী ইসহাকের মনোনয়ন বাতিল

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৭:১৭

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে যাচাই-বাছাই শেষে ৯ জনের মধ্যে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। কাগজপত্রে অসঙ্গতি ও ত্রুটিপূর্ণ হওয়ায় ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে বাবা দাবি করা স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইসহাক।

সোমবার (৪ ডিসেম্বর) কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এ ঘোষণা দিয়েছেন।

বৈধ হওয়া প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহিন আকতার, এনপিপি প্রার্থী ফরিদ আলম, জাতীয় পার্টির (এরশাদ) নুরুল আমিন সিকদার ভূট্টো, তৃণমূল বিএনপির মুজিবুল হক মুজিব, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ওসমান গনি চৌধুরী এবং বাংলাদেশ কংগ্রেসের মো. ইসমাইল।

আর মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইসহাক। তিনি আবদুর রহমান বদিকে বাবা দাবি করে আদালতে মামলা করেছেন। এছাড়াও রয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ বাহাদুর এবং টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল বশর।

স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল বশর বলেন, সামান্য বিষয়ে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। অথচ আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। তাই আমি আপিলের প্রস্তুতি নিচ্ছি।

একই কথা জানালেন স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমেদ বাহাদুর।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহম্মদ শাহীন ইমরান বলেন, আচরণবিধি বাস্তবায়নে মাঠে কাজ করছেন একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট। আচরণবিধি লঙ্ঘণের মতো কেউ অপরাধ করলে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে বিভিন্ন প্রার্থীদের লাগানো ব্যানার-পোস্টার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে। আমরা নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ইত্তেফাক/এবি