বরগুনায় রিফাত হত্যার কেউ রেহাই পাবে না: রংপুরে আইজিপি

আপডেট : ০১ জুলাই ২০১৯, ০২:৫৫

বরগুনায় নৃশংস রিফাত হত্যার কেউ রেহাই পাবে না। এই হত্যাকাণ্ডে এফআইআর এর বাইরেও অনেকে জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছে বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

আজ রবিবার বিকেলে রংপুরে নবনির্মিত পুলিশ সুপার এর কার্যালয়ের শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, রিফাত হত্যার কেউ রেহাই পাবে না। তাদের পালানোর সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের সকল সীমান্ত ও ইমিগ্রেশনে তাদের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে, যাতে তারা পালাতে না পারে। এ পর্যন্ত এঘটনায় আটজনকে পুলিশ গ্রেফতার করেছে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্টোপলিটন পুলিশের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ, রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, লালমনিরহাটের পুলিশ সুপার রশিদুল হক, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান সাইফ, গণপূর্ত বিভাগ, রংপুরের নির্বাহী প্রকৌশলী সাকিউল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী ফারুক হোসেন, রাজিয়া সুলতানা ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রমুখ।

ইত্তেফাক/আরকেজি