ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ২৩ ফেব্রুয়ারি, ১৮ ডিসেম্বর থেকে আবেদন 

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৯:১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রম ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে। শেষ হবে আগামী ৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে। ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সভায় সভাপতিত্ব করেন।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ৪টি অনুষদের মাধ্যমে স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনুষদগুলো হচ্ছে—কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ এবং চারুকলা অনুষদ। 

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারি। বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা হবে ১ মার্চ। ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা হবে ২৪ ফেব্রুয়ারি। আর চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ মার্চ। 

আগামী ৮ ফেব্রুয়ারি থেকে সংশ্লিষ্ট অনুষদের পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ব পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। সব অনুষদের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

চারুকলা অনুষদ ব্যতীত অন্য ৩ অনুষদের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে—রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

সভায় চারুকলা অনুষদ ছাড়া অন্যান্য অনুষদের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু চারুকলা অনুষদের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 

ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মাধ্যমিক/সমমান এবং ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) বিজ্ঞান অনুষদের জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫ হতে হবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য জিপিএ-দ্বয়ের যোগফল হতে হবে ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০। ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ হতে হবে। তাছাড়া চারুকলা ইউনিট অনুষদের জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে। 

ইত্তেফাক/ডিডি