ব্যক্তিশ্রেণির ২৩ লাখ ৫০ হাজার রিটার্ন জমা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৭:০০

চলতি ২০২৩-২৪ করবর্ষে ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর বিবরণী (রিটার্ন) জমার শেষ সময় ছিল ৩০ নভেম্বর পর্যন্ত। তবে জনস্বার্থ বিবেচনায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রিটার্ন দাখিলের সময় দুই মাস বেড়েছে। ব্যক্তিশ্রেণির করদাতারা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন এবং কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন জমার সময় বাড়িয়ে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে।

এনবিআরের প্রাথমিক হিসাবে দেখা গেছে, ৩০ নভেম্বর পর্যন্ত ২৩ লাখ ৫০ হাজারের মতো রিটার্ন জমা পড়েছে। এসব রিটার্নের বিপরীতে আয়কর আয় হয়েছে ৪ হাজার ৩৩৫ কোটি টাকা। 

এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এবার যেহেতু রিটার্ন জমার ক্ষেত্র অনেক বাড়ানো হয়েছে, তাই স্বাভাবিকভাবে অন্যান্য বছরের তুলনায় এবার রিটার্ন জমার সংখ্যা বাড়বে। সময় দুই মাস বাড়ানোর ফলে রিটার্ন দাখিলের সংখ্যা ৪৫ লাখ ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে এবার অনলাইন রিটার্ন জমায় বেশ সাড়া পাওয়া গেছে বলে এনবিআর সূত্রে জানা গেছে। 

উল্লেখ্য, গত ২০২২-২৩ করবর্ষে রিটার্ন জমার সংখ্যা ছিল প্রায় ৩৫ লাখ। নতুন কর আইন অনুযায়ী ৪৩ ধরনের সেবা গ্রহণ করতে রিটার্ন জমার রসিদ লাগবে। সাধারণত ব্যাংকিংসহ নানা ধরনের নাগরিক সেবা গ্রহণের ক্ষেত্রে রিটার্ন জমার রসিদ থাকা বাধ্যতামূলক করা হয়েছে। প্রসঙ্গত, বর্তমানে দেশে কর শনাক্তকরণ নম্বরধারীর (ইটিআইএন) সংখ্যা প্রায় ৯৪ লাখ।

ইত্তেফাক/এমএএম