বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয় ভারতের। সর্বশেষ ২০১১ সালে ধোনির নেতৃত্বে শিরোপা জিতে তারা। এরপরে আর কোনো শিরোপা জিততে পারেনি ভারত। ঘরের মাঠে এমন সুযোগ পেয়েছিলো রোহিতের দল দীর্ঘ ১২ বছর পর। কিন্তু সেই অপেক্ষা আরও দীর্ঘ করে অস্ট্রেলিয়া।
এমন হারের ক্ষত বয়ে বেড়াচ্ছেন তরুণ ক্রিকেটার শুভমন গিল। পুরো বছর জুড়ে ছন্দে থাকা এই ব্যাটার বিশ্বকাপেও ছিলেন ছন্দে। ‘সিএনবিসি টিভি ১৮’তে গিল বলেছেন, ‘আমি মনে করি, এটি আমার জন্য একটি দুর্দান্ত বছর ছিলো। কিন্তু বিশ্বকাপ হাতছাড়া করার কারণে মন বেশ খারাপ হয়ে গিয়েছিল।’
বিশ্বকাপ ছাড়াও সামনে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ রয়েছে ভারতের। তাই ব্যর্থতার গল্প পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চান গিল। তিনি আরও বলেন, ‘আগামী এক বছরের মধ্যে, বিশ্বকাপ আসছে, অস্ট্রেলিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টেস্ট সিরিজ আসছে। এই বছরে আমাদের টেস্ট সিরিজ আছে। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা সিরিজ সত্যিই কঠিন হতে চলেছে। সেই ম্যাচগুলির জন্যই আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

