দুদকের তলবে হাজির হননি ডিআইজি মিজান, দুপুরে জামিন শুনানি

আপডেট : ০১ জুলাই ২০১৯, ১৩:১০

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির হননি পুলিশ থেকে সাময়িক বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমান। ঘুষ লেনদেনের অভিযোগ জিজ্ঞাসাবাদের জন্য ডিআইজি মিজানকে সোমবার সকাল ১০টায় তলব করেছিলেন দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্ল্যা। কিন্তু তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে দুদকে যাননি।

এর আগে রবিবার চিঠি দিয়ে ডিআইজি মিজান দুদককে জানিয়েছেন, তিনি ব্যক্তিগত একটি সমস্যায় আছেন। তাই তার সময়েরে প্রয়োজন। পরবর্তী যেকোনো সময় বক্তব্য দিতে আপত্তি থাকবে না।

গত ২৫ জুন মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করার প্রস্তাবে অনুমোদন দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তাকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়।

এদিকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের করা মামলায় রবিবার হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন মিজানুর রহমান। তার এই আবেদনের উপরে সোমবার দুপুর ২টায় বিচারপতি ওবায়েদুল হাসান ও বিচারপতি কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। 

আরো পড়ুন: বিশ্বরেকর্ড গড়তে যাচ্ছেন সাকিব-মুশফিক-তামিম

তিন কোটি সাত লাখ ৫ হাজার ২১ টাকার সম্পদের তথ্য গোপন এবং তিন কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৪ জুন মামলা দয়ের করেন দুদকের পরিচালক মনজুর মোরশেদ। মামলায় মিজানুর রহমান, তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগনে পুলিশের কোতোয়ালি থানার এসআই মো. মাহমুদুল হাসানকে আসামি করা হয়।

উল্লেখ্য, মিজানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ বেশ কিছু অভিযোগে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে অনুসন্ধান করছিলেন খন্দকার এনামুল বাছির। সেই অনুসন্ধান চলার মধ্যেই ডিআইজি মিজান দাবি করেন, তার কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন দুদক কর্মকর্তা বাছির। এ বিষয়ে ডিআইজি মিজান দুদক পরিচালক এনামুল বাছিরের সঙ্গে ঘুষ সংক্রান্ত অডিও ফাঁস করেন।

এছাড়া দ্বিতীয় বিয়ে গোপন করতে নিজের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আছে ডিআইজি মিজানের বিরুদ্ধে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারকে প্রভাব খাটিয়ে গ্রেফতার এবং এক সংবাদ পাঠিকা ও এক নারী রিপোর্টারকে যৌন হয়রানির অভিযোগ আছে তার বিরুদ্ধে। পুলিশের নিয়োগ, বদলিতেও একসময় ভূমিকা রাখতেন তিনি। গ্রেফতার ও মামলা দিয়ে হয়রানি করে টাকা আদায়ের অভিযোগও আছে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।

ইত্তেফাক/জেডএইচ