দুপুরে নিম্নচাপের প্রভাব কেটে যেতে পারে: আবহাওয়া অফিস

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:৫৪

উপকূল অতিক্রমের পরেও ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ প্রভাবে আজ শুক্রবারেও (৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত ঢাকাসহ সারাদেশে বৃষ্টি অব্যাহত ছিল। তবে আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, দুপুরের পর নিম্নচাপের প্রভাব কেটে যেতে পারে।

বিষয়টি নিশ্চিত করে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘দুপুরের পর বৃষ্টি শেষ হতে পারে।’

এর আগে বলা হয়েছিল, ‘আগামীকাল (আজ শুক্রবার) বৃষ্টির প্রভাব কেটে যাবে। তবে শীতের মাত্রা বাড়তে থাকবে। এভাবে ডিসেম্বরের মধ্যভাগেও তীব্র শীত অনুভূত হতে পারে।’

কর্মজীবীদের দুর্দশা ছিল চোখে পড়ার মতো। ছবি: ফোকাস বাংলা (গতকালের ছবি)

বৃষ্টিতে ভোগান্তি, নিম্নবিত্তদের আয়ে ভাটা
এই বৃষ্টিতে জেঁকে বসেছে শীত। ফলে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবিকা নির্বাহে ভাটা পড়ছে। মালিবাগে বৃষ্টিতেও রিকশাচালকদের রিকশা চালাতে দেখা গেছে। আবুল কাসেম নামে একজন রিকশাচালক বলেন, ‘আমাদের মতো দিনমজুরদের জন্য এই বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টিতে আমাদের অসুবিধা হচ্ছে।’

নিম্নবিত্ত শ্রমজীবীদের দুর্ভোগ চরমে উঠেছে। ছবি: ফোকাস বাংলা (গতকালের ছবি)

ফজলুল হক নামে আরেকজন রিকশাচালক বলেন, ‘আমাদের মতো গরিব লোককে কাঁথামুড়ি দিয়ে শুয়ে থাকলে চলে না। আমাদেরকে অনেক সকালে ঘুম থেকে ওঠা লাগে। বৃষ্টির মধ্যেও খাবর জোগাড়ের চেষ্টা করতে হয়।’

এদিকে ঢাকায় কর্মজীবীদের বৃষ্টির মধ্যেই অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশে ছুটতে হয়েছে। রাস্তায় গাড়ির সংখ্যা কম থাকায় গন্তব্যে পৌঁছাতে বাড়তি সময় লেগেছে তাদের।

ইত্তেফাক/এইচএ