ফের বড়পর্দায় ফিরছে আমির-সালমান জুটি

আপডেট : ০১ জুলাই ২০১৯, ১৫:৪৪

নব্বইয়ের দশকে মুক্তি পেয়েছিল ‘আন্দাজ আপনা আপনা’। ছবিটি তখন বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল। পরে আমির খান ও সালমান খানের জুটির রোম্যান্টিক কমেডি মন জয় করেছিল সিনেপ্রেমীদের। তারপর কেটে গেছে ২৫টা বছর। এরপর আর এক সঙ্গে কোনও সিনেমায় দেখা যায়নি তাদের। আবার একসঙ্গে পর্দা শেয়ার করতে দেখা যাবে আমির-সালমানকে।

‘আন্দাজ আপনা আপনা’র সিকোয়েলেই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দুই তারকাকে। ছবির মূল চরিত্রের জন্য ভাবা হচ্ছে রণবীর সিং ও বরুণ ধবনকে। ১৯৯৪-এর মূল সিনেমায় ‘ক্রাইম মাস্টার গোগো’ এর চরিত্রে বেশ জনপ্রিয় হয়েছিলেন শক্তি কাপুর। সিকুয়েলে সেই রোল কে করবেন, তা এখনও ঠিক হয়নি।

আরও পড়ুন: যুবলীগ কর্মীকে প্রকাশ্যে নির্যাতনের অভিযোগ

সিকুয়েলের চিত্রনাট্য লিখবেন, ‘আন্দাজ আপনা আপনা’ ছবির চিত্রনাট্যকার দিলীপ জোশী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, সিকুয়েল লেখা সবসময়েই কঠিন। তবে সালমান ও আমিরকে ছাড়া সিনেমাটি বানালে তা অসম্পূর্ণ থেকে যাবে। আন্দাজ আপনা আপনা ২-এর প্রযোজক বিনয় সিনহা এবং প্রীতি সিনহা।

প্রযোজকরা জানান, আন্দাজ আপনা আপনার সিকুয়েল হলেও আগের সিনেমার চিত্রনাট্যের সঙ্গে এটির কোনও সম্পর্ক নেই। রিমেক ভাবলে ভুল হবে। এত জনপ্রিয় একটি সিনেমার সিকুয়েল করা বেশ কঠিন। কারণ, সিনেমাটি ভাল না হলে দর্শকরা আগের সিনেমাটির সঙ্গে তুলনা করবেন।

চলতি বছরের মধ্যে ছবির চিত্রনাট্য ও অভিনেতা নির্বাচন সেরে ফেলতে চান প্রযোজকরা। আগের সিনেমায় দুই নায়িকার চরিত্রে ছিলেন রবিনা ট্যান্ডন এবং করিশ্মা কাপুর। নতুন সিনেমায় রণবীর-বরুণের বিপরীতেও থাকবেন নামজাদা অভিনেত্রীরা।

ইত্তেফাক/বিএএফ