নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দরে ২০ নম্বর ওয়ার্ডে পানির সংকট দেখা দিয়েছে। গত কয়েক দিন ধরে ওয়াসার পানি সরবরাহের পাম্প বিকল হওয়ায় সোনাকান্দা পানির ট্যাংক, হাজীপুর, মৃধাবাড়ীসহ আশপাশের মহল্লায় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। এ বিষয়ে ভুক্তভোগীরা বিভিন্ন দপ্তর ও কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছে না। কয়েক দিন ধরে সোনাকান্দা এলাকায় পানির জন্য হাহাকার দেখা দিয়েছে।
এলাকার এক বাসিন্দা জানান, বেশ কিছুদিন ধরে এলাকার কোথাও কোনো পানি নেই। সোনাকান্দায় ওয়াসার পাম্প হাউজ থাকলেও মেশিন অনেক দিন ধরে বিকল। অন্যদিকে সোনাকান্দা হাট এলাকার পাম্প হাউজের মেশিনেরও একই অবস্থা। বিকল মেশিন সংস্কারের কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না।
গত শুক্রবার বিকালে খালি কলস নিয়ে এলাকাবাসী পানির দাবিতে বিক্ষোভ করে। সোনাকান্দা এলাকার আরেক বাসিন্দা জানান, ‘আমরা অনেক আশাবাদী ছিলাম, যেহেতু ওয়াসার প্রকল্প সিটি করপোরেশনের মেয়র নিয়েছেন, তাই হয়তো আমাদের দীর্ঘদিনের পানি সমস্যার অবসান হবে। কিন্তু এখন দেখছি সমাধান দূরের কথা, অদ্যাবধি আমরা ঠিকমতো পানিই পাই না। এভাবে আর কত দিন চলবে আমরা জানি না। আমরা বাঁচতে চাই। আমরা প্রধানমন্ত্রীর কাছে পানি সমস্যার স্থায়ী সমাধান চাই। এর আগেও আমরা পানি সমস্যার জন্য আন্দোলন করেছি। মানববন্ধন থেকে শুরু করে অনেক বড় বড় আন্দোলনও করেছি। তখন কিন্তু কর্তৃপক্ষ ঠিকই পদক্ষেপ নিয়েছিল। পরিস্থিতি সেই পর্যায়ে গেলে আমরা আবারো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।’
