বাংলাদেশের নিউজিল্যান্ড সফর

দেশ ছাড়ার আগে তদন্ত কমিটির মুখোমুখি হাথুরু

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭

ভারতে ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে চলতি বছরের শুরুতে দ্বিতীয় মেয়াদে টাইগারদের কোচিং দায়িত্বে ফেরানো হয় শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। তিনি দলের দায়িত্ব নেওয়ার পর থেকে সবাই বড় বড় স্বপ্ন দেখা শুরু করেছিলো বিশ্বকাপ নিয়ে। ঘরের মাটিতে ধারাবাহিক দলের পারফর্মম্যান্সে তা আরও আশা জুগিয়েছিলো।

তবে তেমন কিছুই হয়নি উল্টো ২০০৩ বিশ্বকাপের পর এবারই প্রথম এত বাজে ভাবে বিশ্বকাপ থেকে ফিরে এসেছে টাইগাররা। আর এরপর থেকেই উত্তপ্ত দেশের ক্রিকেটাঙ্গন। দ্বিতীয় দফায় এসে প্রশ্নবিদ্ধ হয়েছে হাথুরুর কোচিং নিয়েও। ব্যর্থতার কারণ ক্ষতিয়ে দেখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি গঠন করেছে এক তদন্ত কমিটি। তার মধ্যে দেশের একটি গণমাধ্যম হুট করেই হাথুরুকে নিয়ে ফাটায় আরেকটি বোমা।

এক ক্রিকেটারের গায়ে হাত তোলা হয়েছে বলে অভিযোগ তোলা হয় কোচের বিরুদ্ধে। সব কিছু মিলিয়ে আরও গরম হয়ে ওঠে দেশের ক্রিকেট পাড়া। এতে করে চাপ বেড়ে যায় তদন্ত কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ মাহবুব আনাম ও আকরাম খানের ওপর। সব কিছু মিলিয়েই তদন্ত চালাচ্ছে তারা। সেই ধারাবাহিকতায় রবিবার টাইগাররা নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শেষে কোচের সঙ্গে আলাপে বসেন তারা।

এর আগে টাইগার প্রথম নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন, দলের উইকেট রক্ষকব্যাটার লিটন দাস ও মুস্তাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে এই তদন্ত কমিটি। এরপর কমিটির মুখোমুখি হয় স্পিনার নাসুম আহমেদ। অপেক্ষা ছিলো এরপর কে হতে মুখোমুখি হতে যাচ্ছে তদন্ত কমিটির। তার মধ্যেই গতকাল টিম হোটেলে পড়ন্ত বিকালে তদন্ত কমিটির সঙ্গে একান্তে বসেছিলেন টাইগার হেড কোচ।

যদিও সবকিছুই হয়েছে নীরবেই। কেউ এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেনি। তবে জানা গেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে আর টি২০ সিরিজ শেষে হাথুরু ছুটি কাটাতে চলে যাবেন অস্ট্রেলিয়ায়। কারণ এরপর জাতীয় দলের খেলা থাকবে না জানুয়ারীর দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। তাই সে যে বেশ লম্বা ছুটি কাটিয়েই দেশে ফিরবেন তা বলাই চলে। তাই দেশ ছাড়ার আগেই তার সঙ্গে বসেছিলো তদন্ত কমিটির সদস্যরা। 

এদিকে ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি, পারেনি আশানুরূপ ফলাফল আনতে। যেখানে সমর্থকরা আশা দেখছিল বাংলাদেশ সেমিফাইনালে ওঠার দৌড়ে লড়াই করবে বড় দলগুলোর সঙ্গে সেখানে একের পর এক ম্যাচ হেরে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। তবে সেই হতাশার সময় কাটিয়ে দেশে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সিলেটে খেলতে ১৫০ রানের জয় তুলে নিয়েছে। আর তাতে কেটেছে কিছুটা বিশ্বাকাপে হওয়া হতাশাও।

যদিও এই সিরিজের দ্বিতীয় ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে ৪ উইকেটের ব্যবধানে হেরেছে। এতে সিরিজ শেষ হয় সমতায়। তবে এই সিরিজে লড়াই হয়েছে দেখার মতো। নিউজিল্যান্ডের বলা যায় এই টেস্টে সেরা একাদশই খেলেছে অন্যদিকে বাংলাদেশ মাঠে নেমেছিল দলের অধিনায়ক সাকিব আল হাসান, সহ-অধিনায়ক লিটন দাস, তারকা পেসার তাসকিন আহমেদ ও এবাদত হোসেনদের ছাড়াই। তাই এই ফলাফলে সন্তুষ্ট ক্রিকেটার-বোর্ড সবাই।

এবার পালা নিউজিল্যান্ডে যাওয়ার। সেখানে তিন ম্যাচেরও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। আর সেখানে দুই বহরে যাচ্ছেন টাইগাররা। ইতিমধ্যে গত শনিবার রাতে এক বহর চলে গিয়েছে যারা কি না টেস্ট সিরিজে ছিল না এবং আজ রাতে দ্বিতীয় বহর ঢাকা ছাড়বে দেশটির উদ্দেশ্যে। যেখানে এই সিরিজের টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজসহ দলের হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহেও থাকবে।

এর আগে গত পরশু রাত ১১টা ৫৫ মিনিটে প্রথম বহরে ১১ জন ক্রিকেটার ও তিন জন কোচসহ নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন মোট ১৪ জন। সেখানে টেস্ট সিরিজে না থাকা আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ তামিম, তাওহিদ হূদয়, রাকিবুল হাসান ও মুস্তাফিজুর রহমানরা এ সময় তাদের সঙ্গী হিসেবে ছিল কোচ নিক পোথাস।

ঢাকা ছাড়ার আগে বিমান বন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুখকর স্মৃতি নিয়ে ফেরার আশা জানান বিজয়। বলেন, ‘চেষ্টা করব ভালো খেলার সুযোগ আসলে। দলের সঙ্গে আছি, থাকতে পারলে ভালো লাগবে। এবং এটাই ভালো লাগছে দলের সঙ্গে যাচ্ছি। নিউজিল্যান্ডে একটা ইনজুরি ছিল। ২০১৫ তে ওখানে ইনজুরড হয়েছিলাম। চেষ্টা করব এবার যেন ভালো সুখকর স্মৃতি নিয়ে ফিরতে পারি।’

সূচি অনুসারে আগামীকাল নিউজিল্যান্ডে পা রেখে দুদিন অনুশীলন করবে সফরকারী বাংলাদেশ। এরপর সিরিজ শুরুর আগে ১৪ ডিসেম্বর একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে আফিফ-লিটনদের। এরপর আগামী ১৭ ডিসেম্বর হবে দুই দলের প্রথম ওয়ানডে। বাকি দুই ওয়ানডে হবে ২০ ও ২৩ ডিসেম্বর। দ্বিতীয় ওয়ানডে নেলসনে এবং শেষ ম্যাচ হবে নেপিয়ারে। এরপর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেগুলো হবে যথাক্রমে ২৭, ২৯ এবং ৩১ ডিসেম্বর।

ইত্তেফাক/এএম