নারায়ণগঞ্জ বন্দরে গ্যাসের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে নারায়ণঞ্জ সিটি করপোরেশনের বন্দর থানার ২০নম্বর ওয়ার্ডের এলাকাবাসী মাহমুদ নগর বড় মসজিদ সংলগ্ন এলাকায় মানববন্ধন করে।
এতে বক্তারা বলে, নিয়মিত গ্যাস বিল দেওয়ার পরও গ্যাস পাই না। এটা দুঃখজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম উদাসীনতায় বন্দর উপজেলায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এ অবস্থা থেকে রেহাই পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভী ও স্থানীয় এমপি এ কে এম সেলিম ওসমানের হস্তক্ষেপ কামনা করেন তারা।
সাব্বির আহমেদ সেন্টুর তত্ত্বাবধানে মানববন্ধনে সভাপতিত্ব করেন মাহমুদনগর পঞ্চায়েত কমিটির সভাপতি হুমায়ুন কবির। বক্তব্য দেন অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা মাহমুদ নগর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শাহজাহান, ওয়ালিদ উল্লাহ, নাসির আহমেদ শিপন, জসিম উদ্দিন, শিউলী বেগম, নূরজাহান বেগম, ফাতেমা বেগম ও কহিনূর বেগম। আরও ছিলেন সফিকুল ইসলাম, কামাল হোসেন, দুলাল হোসেন, বায়োজিদ ইসলাম, দীল মোহাম্মদ, আমান হোসেন, রাসেল, অন্তর, খটা মিয়াসহ এলাকার সর্বস্তরের নারী-পুরুষ।
