সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০১:৩০

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে ও সোমবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

নওগাঁ: নওগাঁয় ট্রাকের ধাক্কায় একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে শহরের লিটন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিছম ইসলাম (৩১) পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্ধিরা গ্রামের নজরুল ইসলামের ছেলে। নওগাঁ সদর মডেল থানার এসআই আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। আইনগত প্রক্রিয়া শেষে লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পাবনা: পাবনায় সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত ভ্যানের চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক জন। নিহতের নাম শফিকুল ইসলাম (৪৬)। তার বাড়ি নাটোরের লালপুরে। সোমবার সকালে পাবনার টেবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তি নাটোরের লালপুর থেকে পণ্য নিয়ে ভোরে পাবনা শহরে আসে। পণ্য নামিয়ে ফেরার পথে টেবুনিয়া বাজারে একটি কুকুরের বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিযয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে অটো ভ্যান নিয়ে সজোরে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু  হয়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ): শান্তিগঞ্জে দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা অপর আরোহীও গুরুতরভাবে আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। রবিবার রাতে পাগলা-জগন্নাথপুর সড়কে সিচনী পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তি নিহতের নাম মো. এওর মিয়া (৩৩)। তিনি দরগাপাশা (নোয়াগাঁও) গ্রামের আক্কাছ মিয়ার ছেলে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় এক জন নিহত হওয়ার খবর পেয়েছি। আরেক জন গুরুতর আহত অবস্থায় রয়েছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

শিবচর (মাদারীপুর): মাদারীপুরের শিবচরে ঘনকুয়াশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ব্রিজের খাদে পড়ে নিরব আহমেদ (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতের খালাতো ভাই আহত হয়েছে। রবিবার রাতে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উত্রাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আশিকুল হক বলেন, গুরুতর অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই এক জনের মৃত্যু হয়েছে। আরেক জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিবচর থানার ওসি সুব্রত গোলদার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ইত্তেফাক/এমএএম