দ. চীন সাগরে চীনা কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে যুক্তরাষ্ট্র

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৩:০৪

দক্ষিণ চীন সাগরে চীনা কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। বিরোধপূর্ণ জলসীমায় ফিলিপাইনি সেনাদের বহনকারী নৌবহরকে লক্ষ্য করে চীনা জাহাজ জলকামান ছুড়েছে বলে অভিযোগের পর রবিবার এমন মন্তব্য করে যুক্তরাষ্ট্র। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফিলিপাইনের সামুদ্রিক অভিযানে হস্তক্ষেপ ও আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট না করতে এবং কৌশলগত জলসীমায় ‘দেশটির বিপজ্জনক ও অস্থিতিশীল আচরণ’ বন্ধ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, ওয়াশিংটন এই দুই দেশের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষাচুক্তির প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

প্রায় সমগ্র দক্ষিণ চীন সাগরে নিজেদের মালিকানা দাবি করে আসছে চীন। এই সাগরের বিভিন্ন অংশের মালিকানা দাবি করে আসছে ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই ও ইন্দোনেশিয়া। ২০১৬ সালে পার্মানেন্ট কোর্ট অব আরবিট্রেশন বলেছে, চীনের দাবির কোনো আইনি ভিত্তি নেই। এ রায়টি যুক্তরাষ্ট্র সমর্থন করে। তবে তা প্রত্যাখ্যান করেছে বেইজিং।

ইত্তেফাক/এমটি