টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহকে নেওয়ার বিষয়ে যা জানালো বিসিবি

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৬:২২

২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের হয়ে খেলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর থেকে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশ দলে দেখা যায়নি অভিজ্ঞ এই অলরাউন্ডারকে। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছেন রিয়াদ। আর তাই আবারও আলোচনা শুরু হয়েছে— আগামীতে তাকে টি-টোয়েন্টি ক্রিকেটে দেখা যাবে কি না। 

আগামী বছরই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। গণমাধ্যমকে তিনি বলেন, 'এটা বেইজড অন পারফরম্যান্স, যদি সে (মাহমুদউল্লাহ) পারফর্ম করতে পারে অবশ্যই টি-টোয়েন্টিতে থাকবে। সিলেক্টর ও কোচরা আছে, অবশ্যই তারা ওর পারফরম্যান্স মনিটর করবে। মাঠের পারফরম্যান্স যদি তার পক্ষে বলে তাহলে কেন নয়, অবশ্যই সে ফিরবে।'

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
 
চলতি মাসেই বিসিবির দুই নির্বাচকের মেয়াদ শেষ হচ্ছে। এরপর তারা নতুন করে আবারও ফিরবেন কি না এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস আরও বলেন, ‘৩০ ডিসেম্বর পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি আছে। আমরা আলাপ-আলোচনা করছি, এটা নিয়ে বোর্ডে ডিসিশন হবে একটা। আমরা অপেক্ষা করছি নিজেদের মধ্যে কোনো কিছু একটা ঠিক হলে আপনাদের জানিয়ে দেব।’

ইত্তেফাক/জেডএইচ