টেকনাফে অস্ত্র-গ্রেনেড ও আইস-ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৩

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১০:০৭

কক্সবাজারের টেকনাফে অস্ত্র, হ্যান্ড গ্রেনেড, গুলি ও আইস-ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। এ সময় তাদের কাছে থাকা একটি বাস ও একটি কাঠের নৌকাও জব্দ করা হয়। আটক হওয়া তিনজনের মধ্যে দুজনই রোহিঙ্গা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) পৃথক অভিযানে এসব জব্দ ও গ্রেপ্তার করা হয় চালানোর খবর নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফের ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

গ্রেপ্তার হওয়া দুজন রোহিঙ্গা হলেন উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. শরীফের ছেলে মো. জুবায়ের (৩০) ও ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আমির হোসেনের ছেলে মো. আনোয়ার (১৯)।

ছবি: ইত্তেফাক

লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‌‘মঙ্গলবার সকালে বড়ইতলী বক্করের জোড়া নামক নাফনদীর মোহানায় অভিযান চালিয়ে ২ কেজি ১৪০ কেজি আইস (ক্রিস্টাল মেথ), একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক, একটি হ্যান্ড গ্রেনেড, ৩৭ রাউন্ড গুলি, একটি হাত দাসহ দুজন রোহিঙ্গাকে আটক করা হয়। এ অভিযানে জব্দ করা হয়েছে একটি কাঠের নৌকা।’

একই দিন আরেক অভিযানে দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং চেকপোস্ট ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় কক্সবাজার সদর উপজেলার জানারঘোনা এলাকার আবুল কাশেমের ছেলে ওমর ফারুককে (২০)। এ অভিযানে একটি বাস জব্দ করা হয়েছে।

ছবি: ইত্তেফাক

টেকনাফে বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ আরও বলেন, ‘মিয়ানমার থেকে অস্ত্র, আইসের চালান আসার খবরে প্রথম অভিযানটি চালানো হয়। অন্য অভিযানটি নিয়মিত তল্লাশির ফসল।’

আটক ও জব্দের ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়ের করে তিনজনকে সোপর্দ করা হয়েছে।

ইত্তেফাক/এইচএ