রণবীর কাপুরের বাবা হতে চান না রণবীর সিং

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৬:২৭

কয়েকদিন ধরে বলিউডে গুঞ্জন চলছে বাবা হচ্ছেন রণবীর সিং। তবে বাস্তবে নয়, সিনেমার পর্দায়। তাও আবার রণবীর কাপুরের বাবা! 

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরেই কানাঘুষো শোনা গিয়েছিল, ‘ব্রহ্মাস্ত্র: পার্ট টু-দেব’ সিনেমায় নাকি এক গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে চলেছে রণবীরকে। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ওই সিনেমাতে নাকি রণবীর কাপুরের বাবার চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে।

তবে বেঁকে বসেছেন দিপিকার স্বামী। শোনা যাচ্ছে, আলিয়ার স্বামীর বাবা হতে নারাজ রণবীর সিং। সেই কারণে ফ্যাসাদে পড়েছে সিনেমার প্রযোজক ধর্ম প্রোডাকশন ও পরিচালক অয়ন মুখোপাধ্যায়। 

এর আগে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান— শিবা’ সিনেমায়  শিবার চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর কাপুর। সেই সিনেমার শেষে বিশেষ চরিত্রে দেখা দিয়েছিলেন দীপিকা পাড়ুকোনকে। 

দীপিকার চরিত্র অমৃতার ছেলে শিবা। অর্থাৎ রিল লাইফে রণবীর কাপুরের মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল দীপিকাকে। এবার সেই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমায়  এক রণবীরের বাবার ভূমিকায় দেখা যাবে আর এক রণবীরকে। কিন্তু তাতেই নাকি বাদ সেধেছেন দীপিকার স্বামী।

কথা ছিল ২০২৫ সালে শুটিং শুরু হবে এই সিনেমার। কিন্তু রণবীর বেঁকে বসায় এখন অনিশ্চয়তায় এই সিনেমা ।

স্ত্রী দীপিকা পাডুকোনের প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর। প্রায় ছয় বছর সম্পর্কে ছিলেন তারা। শোনা যায়, রণবীর প্রতারণা করেন দীপিকার সঙ্গে। তার পর রণবীর সিংয়ের মধ্যেই মনের মানুষ খুঁজে পান এই অভিনেত্রী। 

যদিও সময়ের সঙ্গে সব মান-অভিমান ভুলে দু’জনেই সৌজন্যতার সম্পর্ক ভালোভাবেই টিকিয়ে রেখেছেন।

ইত্তেফাক/পিএস/জেডএইচ