বিশ্বব্যাপী বয়কটের মুখে অবশেষে ক্ষমা চাইল স্প্যানিশ ফ্যাশন রিটেইলার জারা। গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞে ভুক্তভোগীদের উপহাস করার যে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে, সেটিকে ‘ভুল বোঝাবুঝি’ বলে দাবি করেছে তারা। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি জারার আতেলিয়ের সিরিজের অংশ হিসেবে ‘দ্য জ্যাকেট’ নামে বিজ্ঞাপনচিত্রে মডেল হন ক্রিস্টেন ম্যাকমেনামি। ঐ বিজ্ঞাপনচিত্রে দেখা যায়, ম্যাকমেনামির কাঁধে সাদা পলিথিনে মোড়ানো একটি ম্যানিকিন, যা দেখতে অনেকটা কাফনে মোড়ানো মরদেহের মতো। তার আশপাশে থাকা অন্য ম্যানিকিনগুলোর বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ নেই। আর চারপাশে ধ্বংসস্তূপ।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এই বিজ্ঞাপনের পটভূমিকে গাজায় চলমান ইসরায়েল-হামাস যুদ্ধে ধ্বংসযজ্ঞের প্রতিরূপ বলে অভিযোগ করেছেন। এমনকি এক সমালোচক বিজ্ঞাপনচিত্রটির পেছনে থাকা প্লাস্টার বোর্ডকে ফিলিস্তিনের মানচিত্রের মতো দেখতে বলেও দাবি করেন। বিজ্ঞাপনের ছবিগুলো ছড়িয়ে পড়তেই জারা ব্র্যান্ড বয়কটের ডাক দেন ফিলিস্তিনপন্থিরা। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিতর্কিত বিজ্ঞাপনের সব ছবি সরিয়ে ফেলে প্রতিষ্ঠানটি।
তবে সমালোচনা থামেনি। অবশেষে ঐ ঘটনার জন্য ক্ষমা চেয়ে জারার পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। তারা বলেছে, কিছু গ্রাহক যা ভাবছেন, বিজ্ঞাপনটির উদ্দেশ্য মোটেও তেমনটি ছিল না। জারার দাবি, ঐ বিজ্ঞাপনের বিষয়বস্তু কল্পনা করা হয়েছিল গত জুলাই মাসে এবং ছবি তোলা হয় গত সেপ্টেম্বরে।
মূলত, ইসরাইল-হামাস সাম্প্রতিক যুদ্ধ শুরুর আগেই বিজ্ঞাপনের বিষয়বস্তু নির্ধারিত হয়েছিল বলে দাবি করেছে স্প্যানিশ প্রতিষ্ঠানটি। গত ৭ অক্টোবর ইসরাইলে আচমকা হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে নিহত হয় প্রায় ১ হাজার ২০০ জন। এর প্রতিশোধ নিতে গাজায় বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এতে অন্তত ১৮ হাজার ৪১২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার সিংহভাগই নারী ও শিশু।

