কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের কৃষ্ণপুর এলাকায় ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় এক বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লাকসাম থানার এসআই বোরহান উদ্দিন ভূইয়া। তিনি বলেন, ‘ঘটনাস্থলে নিহত সিফাত হোসেন (২৫) সোনাইমুড়ী আমিশাপাড়ার মোতালেব হোসেনের ছেলে।’
কৃষ্ণপুর গ্রামের খোকন মিয়া নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘নোয়াখালী থেকে ঢাকাগামী ইকোনো পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-৮৩৯১) ওই এলাকা পার করেছিল। তখন একই অভিমুখে খোলা ট্রাক্টরে একটি এক্সক্যাভেটর নেওয়া হচ্ছিল। এ সময় দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এক্সক্যাভেটরের লম্বা বাকেটের অংশ বাসে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হন। পাশাপাশি চালকের বাম পা থেঁতলে যায়। আরও ২০ যাত্রী আহত হন।’
আহতদের উদ্ধার করে লাকসামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হচ্ছে।
