হবিগঞ্জের চুনারুঘাটে কাভার্ডভ্যান চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চানভাঙ্গা এলাকার নতুন ব্রিজ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার সমেদ মিয়ার স্ত্রী সুফিয়া বেগম, চুনারুঘাটের দুর্গাপুর গ্রামের তানিম মিয়া ও একই উপজেলার রামশ্রী গ্রামের তামান্না আক্তার। আর আহতরা হলেন উপজেলার আলাপুর গ্রামের হেনা আক্তার ও জিকুয়া গ্রামের জাহাঙ্গীর মিয়া ও টাঙ্গাইলের হানিফ মোল্লা।
চুনারুঘাট থানার এসআই আলাউল হক জানান, চুনারুঘাট থেকে নতুন ব্রিজের দিকে যাচ্ছিল একটি কাভার্ডভ্যান। পথে চানভাঙ্গা এলাকার নতুন ব্রিজ সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয় সেটি। এতে ইজিবাইকের যাত্রীরা আহত হলে তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। বাকিরা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনার পর দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
