নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যাওয়ার দরকার নেই, ভিডিও ভাইরাল

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৭:২২

‘নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যাওয়ার দরকার নেই’ এমনই বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ উঠেছে আব্দুর রউফ নামে এক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। রোববার (১০ ডিসেম্বর) রাতে এক মাহফিলে তিনি এ কথা বলেন।

আব্দুর রউফ বলেন, ‘আশা করব বিএনপির ভাইদের যদি নৌকা মার্কায় ভোট দিতে ইচ্ছা না করে তাহলে আর কেন্দ্রে যাওয়ার দরকার নেই। তার কারণ, আমরা আওয়ামী লীগের দুইটা প্রার্থী, আমরাই ভোট দিয়ে যাকে মনোনীত করি তিনিই আমাদের এমপি হবেন, ঠিক কি না?’ 

আব্দুর রউফ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান। রোববার রাতে ফতেপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ফতেপুর উত্তরপাড়া মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। আব্দুর রউফ বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনে আসেনি, খালি আওয়ামী লীগ নির্বাচনে আসছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ। আরেকজন বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছেন।

তার অবস্থা জানেন, অসুস্থ মানুষ, তিনি হঠাৎ করে উদ্যোগ নিয়েছেন। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা যাকে প্রতীক দিয়েছেন তিনি যদি এমপি হন তাহলে আমি এই গ্রামে অনেক কাজ করতে পারব।

এ বিষয়ে উপজেলা বিএনপির সহসভাপতি ও ফতেপুর ইউপির সাবেক চেয়ারম্যান আমীর হোসেন লেবু বলেন, ‘রউফ চেয়ারম্যানের বক্তৃতায় ইউনিয়নবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তার কোনো কার্যক্রমই সঠিক নয়।

মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ বলেন, ‘ভোটারদের কেন্দ্রে আনতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ নানা ধরনের ব্যবস্থা নিচ্ছে। আর সেই মুহূর্তে রউফ চেয়ারম্যান ভোটারদের কেন্দ্রে না আসার জন্য হুমকি দিচ্ছেন। তার বক্তব্যের দায়ভার শুধু তার।

টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. কায়ছারুল ইসলাম নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে উল্লেখ করে বলেন, ইউপি চেয়ারম্যান আব্দুর রউফের বক্তৃতার বিষয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/পিও