যুক্তরাষ্ট্রকে নিয়েও মন্ত্রীরা মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ‘ম্যানেজ’ হয়ে যাওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য ডাহা মিথ্যা।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন রুহুল কবির রিজভী।
তিনি আরও বলেন, মন্ত্রীদের বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। তারা এটিকে ‘ডিপ ফেক নিউজ’ বলে অভিহিত করেছে।
রিজভী বলেন, ‘যুক্তরাষ্ট্র ম্যানেজ নয়, বরং তারা গণহারে বিরোধীদের গ্রেপ্তার ও নির্যাতনে উদ্বেগ প্রকাশ করেছে। দুই মন্ত্রীর বক্তব্য কূটনৈতিক আচরণের ইতিহাসে একটি বড় ধরনের কেলেঙ্কারি। অর্থবিত্ত, টাকা পাচার, অঢেল সম্পত্তির মালিক, গার্ড অব অনার, নিরাপত্তা বেষ্টনীর মায়া ভুলতে পারছেন না বলেই মিথ্যা, বানোয়াট ও অনৈতিক বক্তব্য দিতে তারা অনুতাপ বোধ করেন না।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের মন্ত্রীরা ৭ জানুয়ারি আরেকটি জালিয়াতির নির্বাচন করার জন্য বিরোধী দলকে নিষ্ঠুরভাবে দমনের পাশাপাশি মিথ্যাচার চালাচ্ছেন। নির্বাচন কণ্টকমুক্ত করতে তারা দেশে-বিদেশে নিজেদের মানসম্মান খুইয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।’
এই সরকারই শেষ সরকার নয়—হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ‘আজ হোক-কাল হোক বিদায় তাদের অনিবার্য। পৃথিবীর প্রতিটি স্বৈরাচারের পতন হয়েছে করুণভাবে। আজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের শত্রুতে পরিণত করা হয়েছে। গোটা দেশই এখন বিএনপিসহ বিরোধীদলগুলোর জন্য এক শ্বাসরুদ্ধকর কারাগারে পরিণত হয়েছে।’
দেশবাসীকে ভোট বর্জন করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘ভোটারদের কাছে আহ্বান, জবরদস্তি করলেও ভোটকেন্দ্রে যাবেন না। ভোট বর্জন করুন। এই ভোটরঙ্গ রুখে দিন।’
সংবাদ সম্মেলনে রিজভী আরও জানান, গতকাল বুধবার দুপুর থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সারা দেশে ১২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময়ে ছয়টি মামলায় ৬২৫ জনকে আসামি করা হয়েছে।

