নোয়াখালী-২ আসনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া।
বুধবার (১৩ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন তিনি।
অভিযোগে আতাউর রহমান ভূঁইয়া বলেন, ‘রাজনৈতিকভাবে আমি আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও সমর্থক। দলীয় সিদ্ধান্তের আলোকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি নির্বাচনে মাঠে রয়েছি। গত ১২ ডিসেম্বর সেনবাগ থানার ছাতারপাইয়া ইউনিয়নের বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগ নেতা সৌরভ হোসেন সুমন নৌকার প্রার্থী মোরশেদ আলমের সমর্থনে এক মতবিনিময় সভা করেন। এতে তিনি প্রকাশ্যে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র ভোট করা দলীয় প্রার্থীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও পেটানোর হুমকি দেন। এ হুমকি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় বাধা এবং নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।’
জানা যায়, নোয়াখালীর সেনবাগ থানার ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন সুমনের ৩০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বক্তব্য দিচ্ছেন আওয়ামীলীগ নেতা সুমন। এসময় তাকে বলতে শোনা যায়, 'যারা এইগুলা প্রচারণা করতে আসে যে আমি দলের লোক, আপনারা নৌকায় ভোট দিয়েন না, আপনারা অন্য মার্কায় ভোট দেন, এদের ধরে পিটানোর দরকার।'
