গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৮ জনে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯০ জন। তাছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৭৪১ জন ডেঙ্গুরোগী।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র আরও জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট তিন লাখ ১৮ হাজার ৮০৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৯ হাজার ৩৯৭ জন, আর ঢাকার বাইরের দুই লাখ ৯ হাজার ৪০৬ জন।
