ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একজন এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার দক্ষিণ-পূর্ব সিস্তান-বেলুচিস্তান প্রদেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়, ‘বিদেশি পরিষেবার সঙ্গে যোগাযোগ ছিল ওই ব্যক্তির, বিশেষ করে মোসাদের সঙ্গে। তিনি লাগাতার তথ্য সংগ্রহ করতেন ও সহযোগীদের সঙ্গে মিলে মোসাদসহ বিদেশি পরিষেবাগুলোতে নথি পাঠাতেন।’
তবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
শুধু বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি ‘ইসলামিক প্রজাতন্ত্রের বিরোধী দল ও সংগঠনের প্রচার’ করার লক্ষ্যে মোসাদ অফিসারের কাছে গোপনীয় তথ্য হস্তান্তর করেছিল। তবে ঠিক কোথায় তথ্য হস্তান্তর করা হয়েছে তা বলা হয়নি।
কখন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল তা স্পষ্ট নয়। তবে আইআরএনএ বলেছে, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে একটি আপিল প্রত্যাখ্যান করা হয়েছে।
