ফের সাভারে সেলফি পরিবহনের চাপায় শিশুর মৃত্যু

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ২২:০৮

সাভারে ফের সেলফি পরিবহনের চাপায় তাওহীদ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পরীক্ষার ছুটিতে সাভারে পোশাক শ্রমিক মা-বাবার কাছে বেড়াতে এসে দুর্ঘটনায় প্রাণ গেল শিশুটির। শনিবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডের অদূরে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির বাবা মোস্তফা কামাল জানান, তিনি ও তার স্ত্রী সাভারের গেন্ডা এলাকায় ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করেন। তাদের দুই ছেলে ও এক মেয়ে গ্রামে নানা-নানীর কাছে থেকে সেখানে পড়াশোনা করত। বার্ষিক পরীক্ষার ছুটিতে গ্রামের বাড়ি পাবনা থেকে শনিবার রাতে মা বাবার কাছে সাভারে বেড়াতে আসে সন্তানরা। সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নেমে তিন সন্তানকে নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির মানিকগঞ্জগামী সেলফি পরিবহনের একটি বাস তাদের বড় সন্তান তাওহীদকে চাপা দেয়। এ সময় মা-বাবার সামনেই বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায় শিশু তাওহীদ। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সেলফি পরিবহনের বেশ কয়েকটি বাস আটকে রাখে এলাকাবাসী। এ ছাড়া ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাস।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহত শিশুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর ঢাকার ধামরাইয়ে সেলফি পরিবহনের দুই বাসের রেষারেষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রুবেল পারভেজসহ দুই পথচারী নিহত হন। এ ছাড়াও সেলফি পরিবহনের বেপরোয়া গতিতে বিভিন্ন সময় ঘটেছে বেশ কয়টি দুর্ঘটনা।

ইত্তেফাক/পিও