কুমিল্লার মনোহরগঞ্জে বালু বোঝাই একটি ড্রাম ট্রাক-কে ওভারটেক করার সময় হিমাচল এক্সপ্রেস নামক একটি বর যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ৯ জন যাত্রী আহতের খবর পাওয়া গেছে। শনিবার রাত প্রায় সাড়ে এগারোটায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া পুরান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
লাকসাম হাইওয়ে থানার ওসি মোরশেদুল আলম ভূঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর ইকবাল জানান, ঢাকা থেকে একটি বৌভাত অনুষ্ঠান শেষে হিমাচল এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৫-০০৬৪) বাসটি নোয়াখালির চৌমুহনি ফিরছিল। বাসটি নাথেরপেটুয়া পুরান বাজার এলাকায় সিরাজ ব্রিকফিল্ড এর সামনে একইদিকে যাওয়া একটি বালু বোঝাই ড্রাম ট্রাক ( ঢাকা মেট্রো-ট ২৪-৫২৭১ ) কে ওভারটেক করতে গিয়ে পিছন দিক থেকে চাপা দেয়, পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় ড্রাম ট্রাকের ড্রাইবারসহ মোট ৯ জন আহত হন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে পরে উন্নত চিকিত্সার জন্য গুরুতর আহত ২ জনকে ঢাকা ও অপর ২ জনকে কুমিল্লায় পাঠানো হয়েছে।
লাকসাম হাইওয়ে থানার ওসি জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও ড্রাম ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
