ইনজুরির সর্বশেষ অবস্থা জানালেন নেইমার 

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৬:১৩

ক্যারিয়ারের শুরু থেকে ইনজুরির সঙ্গে লড়াই করে চলছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ইনজুরির পেছনেই ক্যারিয়ারের অনেকটা সময় নষ্ট হয়েছে তার। বর্তমানে ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন এই তারকা ফুটবলার। পুরোপুরি ফিট হয়ে পুনরায় কবে মাঠে ফিরতে পারবেন নেইমার সেটি এখনো বলা যাচ্ছে না। সোমবার (১৮ ডিসেম্বর) নিজের ইনজুরি নিয়ে সর্বশেষ অবস্থা জানিয়েছেন তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন নেইমার। সেখানে দেখা যায়, ইনজুরি কাটিয়ে ফিট হওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ভিডিওর ক্যাপশনে নেইমার লেখেন, ‘ব্যথা ছাড়া প্রতিকার পাওয়া যায় না। পতন ছাড়া ওঠার মধ্যে বীরত্ব নেই এবং অসুবিধা ছাড়া জয় হতে পারে না। আমি লড়াই চালিয়ে যাচ্ছি।’

বর্তমানে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিলেও ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে তিনি। পা ওঠানো-নামানোর চেষ্টা করছেন ফিজিওর সাহায্যে। তার পুনর্বাসন প্রক্রিয়ার ভয়ানক অবস্থাও ফুটে উঠে সেই ভিডিওতে। 

ইত্তেফাক/জেডএইচ