যথাযোগ্য মর্যাদায় ও বিপুল অংশগ্রহণে ১৬ ডিসেম্বর ২০২৩ শনিবার সুইজারল্যান্ডের আন্তর্জাতিক শহর জেনেভার মহাত্মা গান্ধী হল রুমে সুইজারল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শিশুদের নাচ ও প্যারেডসহ বিভিন্ন অনুষ্ঠান সূচির মধ্যে দিয়ে ৫২তম মহান বিজয় দিবস উদযাপিত হয়।
সুইজারল্যান্ড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক শ্যামল খান এর উপস্থাপনায় এবং সংগঠনের সভাপতি জমাদার নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘের স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধি ও বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, সাবেক সভাপতি হারুন অর রশিদ বেপারী। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক ও ৭১ এর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বজ্রকন্ঠ ডঃ ইকবাল আহমেদ এবং বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল ইসলাম।
বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, সাংগঠনিক সম্পাদক গৌরি চরণ সসীম প্রমুখ।
শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে আলোচনা সভার সূচনা হয়।
সুইজারল্যান্ড আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন।
সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে সাংস্কৃতিক পর্বের সূচনা এবং শুরুতেই শশী খান এর পরিচালনায় শিশু শিল্পী এলিনা ও মায়া এর দ্বৈত নাচ উপস্থিত সকলকে চমক লাগিয়ে দেয়। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পী তুলি বড়ুয়া, গৌরী চরণ রিমি, পল্লবী রায়, রবিন বড়ুয়া, রুমি বরুয়া এবং সংস্কৃতিক সম্পাদক মুন্নু রানী বণিক মুন সংগীত পরিবেশন করেন।
