ঝিনাইদহের মহেশপুর ও মাদারীপুরের টেকেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর।
মহেশপুর (ঝিনাইদহ): ঝিনাইদহের মহেশপুরে গোবরের সারবোঝাই ট্রলির চাপায় ওহিদুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে পৌর এলাকার পাতিবিলা গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহতের চাচা আব্দুর করিম মোল্লা জানান, দুর্ঘটনায় আহত ওহিদুল ইসলামকে উদ্ধার করে তাকে মহেশপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মহেশপুর থানার ওসি হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
টেকেরহাট (মাদারীপুর): মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অধির রায় (৩২) নামে এক জনের মৃত্যু হয়েছে। সকালে রাজৈর-কোটালীপাড়া সড়কের উপজেলার সেনখালী ইসলামপুর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অধির কদমবাড়ী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সুনীল রায়ের ছেলে। রাজৈর থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
